পাবনায় অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য আটক
পাবনা প্রতিনিধি:পাবনার আটঘরিয়ায় বিশেষ অভিযান চালিয়ে অনলাইন জুয়া চক্রের ৫ সক্রিয় সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (১৯ মে) রাত সোয়া আটটার দিকে উপজেলার দেবত্তর বাজার এলাকা থেকে তাদের ৫ জন কে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত ৬টি দামী স্মার্টফোন জব্দ করা হয়েছে।

আটকৃতরা হলো, আটঘরিয়া পৌর ৮ নং ওয়ার্ড এলাকার মোঃ আবুল হাসেমের ছেলে মোঃ শরীফুল ইসলাম সাগর (২২), মোঃ জালাল হোসেনের ছেলে মোঃ শান্ত হোসেন (২৫), ৯ নং ওয়ার্ড এলাকার মোঃ গোলাম সোরয়ারের ছেলে মোঃ সোহানুর রহমান শাকিব (২২), দেবোত্তর ৮ নং ওয়ার্ডের মৃত এমদাদ হোসেন মোল্লার ছেলে মোঃ আসাদুল ইসলাম (৩২), চাঁদভা ইউনিয়নের মোঃ ইসকান্দার আলী প্রমানিকের ছেলে মোঃ শরীফুল ইসলাম (৩৬)।
ডিবি পুলিশ জানায়, পাবনা জেলা পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ’র নির্দেশনা ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ রেজিনূর রহমানের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। ডিবি ওসির সরাসরি নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে দেবত্তর বাজার এলাকায় অভিযান চালিয়ে অভিযানস্থল থেকে পালানোর চেষ্টাকালে এই ৫ জুয়াড়িকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, জব্দকৃত মোবাইল ফোনগুলো পরীক্ষা করে আন্তর্জাতিক ও দেশীয় একাধিক নিষিদ্ধ অনলাইন জুয়ার প্ল্যাটফর্মে সক্রিয় আইডি ও বিপুল পরিমাণ অর্থ লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। এর মধ্যে উল্লেখযোগ্য প্ল্যাটফর্মগুলো হলো Linebet, 1XBET, CK44, 777Jaya, Melbet, NAGAD88 এবং KriKya11।
ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে স্থানীয় তরুণ সমাজকে অনলাইন জুয়ায় আসক্ত করে আসছিল। তারা মূলত নতুন গ্রাহকদের জুয়ার আইডি খুলে দিত এবং বিভিন্ন মোবাইল ব্যাংকিং ও ই-ট্রানজেকশন অ্যাপসের মাধ্যমে জুয়ার টাকা লেনদেন করত।
এ বিষয় গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলাম জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং এই চক্রের মূল হোতাসহ জড়িত অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারে ডিবি পুলিশের এই চিরুনি অভিযান অব্যাহত থাকবে।




