সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-৩
সুনামগঞ্জ প্রতিনিধি: সিলেট–সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জালালপুর এলাকায় বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও চারজন।

সোমবার বিকেল ৩টার দিকে ছাতক উপজেলার জালালপুর এলাকায় হতাহতের এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়।
এতে অটোরিকশায় থাকা দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। নিহতদের মধ্যে একজন জেলার তাহিরপুর উপজেলার তেড়জালাল গ্রামের বাসিন্দা।
এ সময় গুরুতর আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
এদিকে একই দিনে সুনামগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর এলাকায় পৃথক এক সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
সুনামগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চৌধুরী জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জে পাঠানো হয়েছে। হতাহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।




