চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের হামলার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সভা
চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিক সমাজের ব্যানারে কর্মসূচি পালন করেন জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এ সময় বক্তারা বলেন,শহরে চায়ের দোকানে চা খাওয়ার সময় হত্যা, ছিনতাইসহ ৯টি মামলার আসামি ও শীর্ষ সন্ত্রাসী রাব্বির নেতৃত্বে পরিকল্পিতভাবে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনার ৫ দিন পেরিয়ে গেলেও হামলাকারীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স হিসেবে কাজ করার সুবাদে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখের সামনেই প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে রাব্বি ও অন্য হামলাকারীরা। পুলিশ তাকে গ্রেফতারে চরম উদাসীনতা ও রহস্যজনক পক্ষপাতিত্ব করছে বলে অভিযোগ করেন সাংবাদিক নেতারা।
প্রতিবাদ সভায় আগামী ৭২ ঘণ্টার মধ্যে হামলার ঘটনায় প্রধান আসামিসহ হামলাকারীদের গ্রেফতার না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।
সভায় বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি হোসেন শাহনেওয়াজ, দৈনিক চাঁপাই দর্পণের সম্পাদক আশরাফুল হক রঞ্জু, চাঁপাই চিত্রের সম্পাদক কামাল উদ্দিন, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল ও মাছরাঙা টিভির প্রতিনিধি ডাবলু কুমার ঘোষসহ অন্যরা।




