চাঁপাইনবাবগঞ্জে নবাব খাল খনন কাজের উদ্বোধন

চাঁপাই প্রেস ডেস্ক:দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে ‘নবাব খাল’ খনন কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মহাডাঙ্গা এলাকায় এই খনন কাজের উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল, জেলা প্রশাসক উজ্জল কুমার ঘোষ এবং জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদ।
আয়োজিত অনুষ্ঠানে জানানো হয়, দীর্ঘদিন সংস্কারের অভাবে খালটি ভরাট হয়ে গিয়েছিল, যার ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও শুষ্ক মৌসুমে সেচ সংকটে পড়তে হতো স্থানীয়দের। সরকারের এই বিশেষ উদ্যোগের ফলে এলাকার সাধারণ মানুষ ও কৃষকরা দীর্ঘমেয়াদী সুবিধা পাবেন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপদেষ্টা প্রকল্পের বিভিন্ন অংশ পরিদর্শন করেন এবং কাজের গুণগত মান বজায় রেখে দ্রুত শেষ করার তাগিদ দেন। এই খাল খনন কর্মসূচি কার্যক্রমে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় পানি উন্নয়ন বোর্ড এই প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা। এই খাল খননের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং কৃষি ও মৎস্য সম্পদের উন্নয়ন হবে।




