সাপাহারে জবই বিলের জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় এমপির সাথে মতবিনিময়
রবিউল আলম সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে জবই বিলের জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় স্থানীয় সংসদ সদস্যের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে ‘জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজ কল্যাণ সংস্থা’র উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।

সভায় বক্তারা জবই বিলের জীববৈচিত্র্য রক্ষায় প্রয়োজনীয় বৃক্ষরোপণ এবং এই এলাকাকে ‘বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষিত অঞ্চল’ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। সংস্থার সাধারণ সম্পাদক কারিম ও সহ-সাধারণ সম্পাদক শামিম রেজা বিল এলাকায় একটি অত্যাধুনিক ‘ইকো-ট্যুরিজম পার্ক’ স্থাপনের জন্য সংসদ সদস্যের নিকট জোর দাবি জানান।
সুপ্রিম কোর্টের আইনজীবী ও সংস্থার প্রধান নির্বাহী আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফরিদুর ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার মনিরুজ্জামান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এবং উপজেলা সমাজসেবা অফিসার দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), বন কর্মকর্তা সাহাদাত হোসেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকারিয়া আলম, সাংবাদিক তছলিম উদ্দিন, বাবুল আকতার এবং সংস্থাটির প্রতিষ্ঠাতা সোহানুর রহমান সবুজ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান সংস্থার এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানান এবং বিলের পরিবেশ রক্ষায় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, “জবই বিল আমাদের সম্পদ, এর জীববৈচিত্র্য রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।
সভার শুরুতে প্রধানমন্ত্রীর ‘২০ কোটি চারা রোপণ’ কর্মসূচির অংশ হিসেবে উপস্থিত সকলের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থার সভাপতি ফরহাদ হোসেন। সভা শেষে সংসদ সদস্য উপজেলা পরিষদ পুকুর পাড়ে ফলজ বৃক্ষ (জাম ও কাঁঠাল) রোপণ করেন।



